প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১:৪৩ পিএম

সংগৃহীত ছবি
বাংলাদেশের দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল ৩৭ বছর পর আবারও ইংলিশ চ্যানেল অতিক্রম করে গড়লেন নতুন ইতিহাস। ভারতের আরও দুই সাঁতারুর সঙ্গে তারা রিলে পদ্ধতিতে ৩৪ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল পার হন।
সাঁতার শুরু হয় ইংল্যান্ডের স্থানীয় সময় সোমবার রাত আড়াইটায় এবং শেষ করতে সময় লাগে ১২ ঘণ্টা ১০ মিনিট।
প্রথমে গত ২৫ জুলাই সাঁতারের দিন নির্ধারিত থাকলেও খারাপ আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। ইংল্যান্ডে আবহাওয়া অনুকূলে থাকলেও ফ্রান্স অংশে প্রতিকূলতা ছিল।
এই অর্জন সম্পর্কে নাজমুল হক হিমেল বলেন, “এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। সাগরের মতো উত্তাল এক অভিজ্ঞতা হয়েছে।”
বাংলাদেশের ইতিহাসে প্রথম ইংলিশ চ্যানেল পাড়ি দেন ব্রজেন দাস, ১৯৫৮ সালের ১৮ আগস্ট। পরে আবদুল মালেক ও মোশাররফ হোসেন এই সাফল্যে যুক্ত হন। সর্বশেষ ১৯৮৭ সালে মুন্সিগঞ্জের সাঁতারু মোশাররফ হোসেন ইংলিশ চ্যানেল অতিক্রম করেন।
তাদের পর ৩৭ বছর পরে আবারও বাংলাদেশের পতাকা উড়ল এই ঐতিহাসিক জলপথে। সাফল্যের এই তালিকায় যুক্ত হলেন মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল।