
সংগৃহীত ছবি
একদিন হজরত ইবরাহিম (আ.) আল্লাহ তায়ালার কাছে একটি বিশেষ অনুরোধ করলেন—
“হে প্রভু! আপনি কিভাবে মৃতকে পুনরায় জীবিত করেন, তা আমাকে দেখান।”
আল্লাহ তায়ালা তাঁকে জিজ্ঞেস করলেন, “তুমি কি বিশ্বাস করো না?”
ইবরাহিম (আ.) বিনয়ের সঙ্গে উত্তর দিলেন, “অবশ্যই বিশ্বাস করি। আপনার সর্বশক্তিমান ক্ষমতার প্রতি আমার পূর্ণ আস্থা আছে। আমি তো সবসময়ই আপনার নিদর্শন দেখছি— নিজের অস্তিত্ব থেকে শুরু করে সৃষ্টির প্রতিটি কণা সেই সাক্ষ্য বহন করছে।
তবুও, মনুষ্যপ্রকৃতির স্বাভাবিক প্রবণতা হলো— অন্তর যতই বিশ্বাসী হোক না কেন, চোখে দেখে নিশ্চিত না হওয়া পর্যন্ত সে সম্পূর্ণ প্রশান্ত হতে চায়।”
ইবরাহিম (আ.)-এর এই গভীর আকাঙ্ক্ষা ও যুক্তিপূর্ণ নিবেদন আল্লাহ কবুল করলেন। তিনি তাঁকে একটি বিশেষ পদ্ধতিতে এই বিষয়টি প্রত্যক্ষ করার সুযোগ দিলেন।
আল্লাহ তায়ালা নির্দেশ দিলেন, “তুমি চারটি পাখি নাও এবং সেগুলোকে নিজ হাতে পোষ মানাও, যেন তোমার ডাক শুনে তারা কাছে চলে আসে। এরপর তাদের জবাই করে মাংস, হাড় ও পাখা সব একত্র করে মিশিয়ে ফেলো এবং সেগুলো কয়েক ভাগে ভাগ করে বিভিন্ন পাহাড়ে রেখে দাও। তারপর তাদের ডাকো। তারা জীবিত হয়ে তোমার কাছে ফিরে আসবে।”
ইবরাহিম (আ.) ঠিক সেইভাবেই করলেন। তিনি যখন পাখিগুলোকে ডাকলেন, তখন আল্লাহর কুদরতে প্রত্যেকটি পাখির অঙ্গপ্রত্যঙ্গ একত্রিত হয়ে পূর্বের রূপে ফিরে এলো এবং জীবন্ত অবস্থায় উড়ে এসে তাঁর সামনে হাজির হলো।
এই অলৌকিক ঘটনার বর্ণনা পবিত্র কোরআনের সুরা আল-বাকারা, আয়াত ২৬০-এ এভাবে এসেছে—
وَ اِذۡ قَالَ اِبۡرٰهٖمُ رَبِّ اَرِنِیۡ كَیۡفَ تُحۡیِ الۡمَوۡتٰی…
“আর যখন ইবরাহিম বলল, ‘হে আমার প্রতিপালক! আপনি কিভাবে মৃতদের জীবিত করেন তা আমাকে দেখান।’
তিনি বললেন, ‘তুমি কি বিশ্বাস করো না?’
সে বলল, ‘অবশ্যই বিশ্বাস করি, কিন্তু চাই আমার অন্তর যেন প্রশান্ত হয়।’
তিনি বললেন, ‘তবে চারটি পাখি নাও, তাদের পোষ মানাও, তারপর প্রতিটি পাহাড়ে তাদের একেকটি অংশ রেখে দাও। এরপর তাদের ডাকো—তারা দ্রুত তোমার কাছে ফিরে আসবে। জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময়।’”