
সংগৃহীত ছবি
এবারে এলগাটো তাদের নতুন ফেসক্যাম ৪কে ওয়েবক্যাম উন্মোচন করেছে। যা দিয়ে মাত্র ২০০ মার্কিন ডলার দামে ৪কে রেজল্যুশন ও ৬০এফপিএস ভিডিও রেকর্ডিংয়ের সুযোগ পাওয়া যাবে।
ফেসক্যাম প্রোয়ের তুলনায় ফেসক্যাম ৪কে-এর দাম ১০০ ডলার কম হলেও এটি একটি উল্লেখযোগ্য ফিচার নিয়ে এসেছে-এই প্রথমবারের মতো কোনো ওয়েবক্যামে লেন্স ফিল্টার ব্যবহারের সুবিধা থাকছে।
ফেসক্যাম ৪কেতে ৪৯ মিলিমিটার আকারের যেকোনো লেন্স ফিল্টার ব্যবহার করা যাবে, যার মাধ্যমে ব্যবহারকারীরা সিনেম্যাটিক ডিফিউশন ইফেক্ট তৈরি করতে পারবেন কিংবা সার্কুলার পোলারাইজিং (সিপিএল) ফিল্টার দিয়ে চশমার প্রতিফলন কমাতে পারবেন। এলগাটো তাদের নিজস্ব স্টোরে কেউ ফেসক্যাম ৪কে অর্ডার দিলে একটি ফ্রি সিপিএল ফিল্টার অথবা একটি প্রাইভেসি ক্যাপ সরবরাহ করছে, যা ডিএসএলআর ক্যামেরার ক্যাপের মতো সহজেই বসানো যায়।
এ ছাড়া ব্যবহারকারীরা চাইলে তৃতীয় পক্ষের ম্যাক্রো, ব্ল্যাক মিস্ট বা স্টার ফিল্টারও ব্যবহার করে ৪কে রেকর্ডিংয়ের ভিজ্যুয়াল লুক পুরোপুরি বদলে ফেলতে পারবে।
ফেসক্যাম ৪কেতে রয়েছে সনির স্টারভিস ২ সিমস সেন্সর, এফ/৪.০ অ্যাপারচার, ফিক্সড ফোকাস ও এলগাটো প্রাইম লেন্স। তবে কম আলোতে ফেসক্যাম প্রোর এফ/২.০ অ্যাপারচার এখনো ভালো পারফর্ম করবে। ফেসক্যাম ৪কে সর্বোচ্চ ৪কে রেজল্যুশনে ৬০এফপিএস কিংবা ৩০এফপিএসে এইচডিআর সক্রিয় রেখে রেকর্ড করতে সক্ষম।
এছাড়াও, এটি ইউএসবি-সি কানেকশন ব্যবহার করে, রয়েছে ১/৪ ইঞ্চি থ্রেড মাউন্ট ও মনিটর মাউন্ট। কেবল ছাড়া ক্যামেরাটির ওজন মাত্র ১১২ গ্রাম।
এলগাটো তাদের নতুন এই ওয়েবক্যামের সঙ্গে ক্যামেরা হাব সফটওয়্যারও যুক্ত করছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা আইএসও, এক্সপোজার, শাটার স্পিড ইত্যাদি নিয়ন্ত্রণ করতে পারবে। প্যান, টিল্ট, জুম অপশনও থাকছে, যাতে ওয়েবক্যাম ফিডে নিখুঁত ক্রপিং নিশ্চিত করা যায়।
এসব সেটিংস ক্যামেরার বিল্ট-ইন মেমোরিতে সংরক্ষণ করা যাবে, ফলে সফটওয়্যার না চালালেও সেটিংস থেকে যাবে। এ ছাড়া যদি ব্যবহারকারীর এনভিডিয়া আরটিএক্স গ্রাফিক্স কার্ড থাকে, তাহলে তারা আরো উন্নত ডেপথ-অফ-ফিল্ড ইফেক্টও উপভোগ করতে পারবে।
উল্লেখ্য, এলগাটোর ফেসক্যাম ৪কে ওয়েবক্যাম নিন্তেন্দো সুইচ ২-এর সঙ্গেও
সামঞ্জস্যপূর্ণ, তবে এর জন্য ফার্মওয়্যার সংস্করণ ২.৩২ বা তার বেশি
সংস্করণে আপডেট করতে হবে। ফেসক্যাম ৪কে ইতিমধ্যে বাজারে পাওয়া
যাচ্ছে-যুক্তরাষ্ট্রে ১৯৯.৯৯ ডলার, যুক্তরাজ্যে ১৭৯.৯৯ পাউন্ড ও ইউরোপে
১৯৯.৯৯ ইউরো দামে।
ফেসক্যাম ৪কে এলগাটোর প্রম্পটার হার্ডওয়্যারের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। এ জন্য একটি নতুন ব্যাকপ্লেট বাজারে ছাড়া হবে, যা এলগাটোর ওয়েব স্টোর থেকে কেনা যাবে। এ ছাড়া এলগাটো নতুন প্রম্পটার কেনার সঙ্গেই এখন থেকে ফেসক্যাম ৪কের ব্যাকপ্লেট সরবরাহ করবে, আগে ব্যবহৃত ফেসক্যাম প্রোর ব্যাকপ্লেটের পরিবর্তে।
এসব ইঙ্গিত করে, ফেসক্যাম ৪কে হয়তো ফেসক্যাম প্রোর স্থান দখল করতে যাচ্ছে, অনেকটা যেমনভাবে এলগাটোর নতুন ৪কে এস ক্যাপচার ডিভাইস ৪কে ৬০এফপিএস গেমপ্লে রেকর্ডিংয়ের খরচ কমিয়ে দিয়েছে।
সূত্রঃ দ্য ভার্জ