প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৮:২২ পিএম

সংগৃহীত ছবি
ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ২৪টি ওটিটি প্ল্যাটফর্ম ও অ্যাপ নিষিদ্ধ করেছে অশ্লীল ও কুরুচিকর কনটেন্ট ছড়ানোর অভিযোগে।
সরকারের এই পদক্ষেপকে সময়সাপেক্ষ ও গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।
এমন সিদ্ধান্ত নিয়ে কঙ্গনা বলেন, “আমাদের দেশের সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ আর ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে এমন পদক্ষেপ বহু আগেই নেওয়া উচিত ছিল। কারণ স্বাধীনভাবে কাজের সুযোগ নিয়ে প্ল্যাটফর্মগুলো এরই মধ্যে সমাজের অনেক ক্ষতি করে ফেলেছে। আমি সরকারের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানাচ্ছি।”
তিনি আরো উল্লেখ করেন, অবৈধ কনটেন্ট ছড়ানো প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা সত্যিই প্রশংসনীয়।
অবশেষে সরকারের সরাসরি হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল সেসব প্ল্যাটফর্ম। নিষিদ্ধ হওয়া অ্যাপের তালিকায় উল্লেখযোগ্য হলো- ‘অলট’, ‘উল্লু’, ‘বিগ শটস অ্যাপ’, ‘দেশিফ্লিক্স’, ‘নভরসা লাইট’, ‘গুলাব অ্যাপ’, ‘কঙ্গন অ্যাপ’, ‘জলওয়া অ্যাপ’, ‘মুডেক্স’, ‘হিটপ্রাইম’, ‘হলচল অ্যাপ’, ‘ট্রিফ্লিকস’, ‘শো-এক্স’ ।
উল্লেখ্য, অনেক দিন ধরেই কিছু ভারতীয় ওটিটি অ্যাপে ‘সফট পর্ন’ ধরনের কনটেন্ট ও অশালীন
বিজ্ঞাপন প্রচারিত হচ্ছিল। এসব নিয়ে সমালোচনার মুখে পড়লেও ব্যবস্থা নেওয়া
হয়নি।