প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৫:৩৭ পিএম

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেন
পরিবেশ উপদেষ্টার পদত্যাগ ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি অনুমোদনের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেন।
আজ রবিবার (২৭ জুলাই) সকাল ১০টা থেকে অবরোধ শুরু হয়ে টানা দেড় ঘণ্টা চলার পর বেলা ১১টা ৩০ মিনিটে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করেন।
অবরোধ তুলে নেওয়ার আগে শিক্ষার্থীরা ঘোষণা দেন, আগামীকাল সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় অ্যাকাডেমিক ভবন-৩ এর সামনে সড়ক অবরোধ করে প্রতীকী ক্লাস অনুষ্ঠিত হবে। এসময় কোনো ধরণের যানবাহন চলতে দেওয়া হবেনা।
সকাল ১০টা থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকায় শত শত শিক্ষার্থী “ভাড়া না ক্যাম্পাস, ক্যাম্পাস ক্যাম্পাস“ এক দুই তিন চার, রিজওয়ানা গদি ছাড়”, “যার কথার দাম নেই, সেই উপদেষ্টার দরকার নাই” সহ বিভিন্ন স্লোগানে অবরোধে অংশ নেন।
অবরোধের কারণে ঢাকা-পাবনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
উল্লেখ্য, এর আগের দিন শনিবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয় দিবসের আনুষ্ঠানিকতা বয়কট করে শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন করেছিলেন। এছাড়া ২৫ জুলাই বিশ্ববিদ্যালয় প্রশাসন বাংলা, অর্থনীতি ও ব্যবস্থাপনা বিভাগের চলমান নিয়োগ পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি দেয়।