প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১:৩৮ পিএম

পদ্মা নদীতে তীব্র স্রোত ও প্রবল বাতাসের কারণে ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৬ টা থেকে এই রুটে লঞ্চ চলাচল শুরু হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে, বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল হয়ে ওঠায় শুক্রবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৩টা থেকে দুর্ঘটনা এড়াতে এ রুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
দৌলতদিয়া লঞ্চঘাটের ম্যানেজার নুরুল আনোয়ার মিলন জানান, নদীতে প্রবল স্রোত ও ঢেউয়ের কারণে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। তাই দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। তবে শনিবার সকালে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুনরায় লঞ্চ চলাচল শুরু করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিএ ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম বলেন, নদীতে পানি বেড়ে যাওয়ায় প্রচণ্ড স্রোত ও ঢেউ সৃষ্টি হয়। ফলে নৌযান চলাচলে ঝুঁকি দেখা দেয়। এ অবস্থায় যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এখন আবার লঞ্চ চালু করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম