প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৫:১৯ পিএম

নোয়াখালীর হাতিয়ায় ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভেসে থাকা ১৪ জেলেসহ একটি মাছধরা ট্রলার উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে উদ্ধার হওয়া জেলেদের উপজেলার সূর্যমুখী ঘাটে নিরাপদে পৌঁছে দেওয়া হয়।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, চট্টগ্রামের ফিশারিঘাট থেকে এফবি জামিলা নামের ট্রলারটি গত ১৯ জুলাই গভীর সমুদ্রে মাছ শিকারে যায়। সমুদ্রে যাওয়ার পরদিনই ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় জেলেরা তীরে যোগাযোগ করতে পারেনি। প্রায় ৫ দিন সাগরে ভেসে থাকার পর বৃহস্পতিবার জেলেরা নেটওয়ার্ক পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সাহায্য চান।
সূত্র আরও জানায়, পরে ৯৯৯ থেকে নির্দেশনা পেয়ে কোস্টগার্ডের হাতিয়া স্টেশন দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর ট্রলারটিকে হাতিয়ার পূর্ব পাশে গাংগুরিয়া চরের কাছাকাছি অবস্থান থেকে উদ্ধার করা হয়। ট্রলারে থাকা ১৪ মাঝি-মাল্লার মধ্যে একজন অসুস্থ হয়ে পড়লে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এরপর ট্রলারটি টেনে সূর্যমুখী ঘাটে নিয়ে আসা হয়।
এ বিষয়ে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক বলেন, ‘উপকূলীয় এলাকায় সমুদ্রে বিপদে পড়া জেলেদের সহায়তা করতে বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা প্রস্তুত থাকে। এছাড়া উপকূলীয় অঞ্চলে যেকোনো ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
এদিকে উদ্ধার হওয়া জেলেরা নিরাপদে বাড়ি ফিরতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন তাদের পরিবার ও স্থানীয় জেলে সমাজ।
স্বদেশ প্রতিদিন/এমএম