প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৫:০১ পিএম আপডেট: ২৫.০৭.২০২৫ ৫:১৭ PM

সংগৃহীত ছবি
অন্তর্বর্তীকালীন সরকারের অভিজ্ঞতা ও সমন্বয়হীনতার অভাবে দেশে একের পর এক ইস্যুতে বিতর্ক সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
আজ শুক্রবার (২৫ জুলাই) সকালে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “নির্বাচন যত বিলম্বিত হবে, ততই রাজনৈতিক ও প্রশাসনিক সংকট বাড়বে। এতে সরকার নানা প্রশ্নের মুখোমুখি হবে। এখনকার সরকার দৃশ্যমান নয়, সিদ্ধান্ত গ্রহণেও জবাবদিহিতা নেই।”
তিনি আরও বলেন, “নির্বাচিত সরকার না থাকায় রাষ্ট্রীয় বিভিন্ন সংকট সময়মতো মোকাবিলা করা যাচ্ছে না। অভিজ্ঞতার অভাবে একের পর এক ঘটনা ঘটছে, কিন্তু তাতে সরকারের পক্ষ থেকে কোনও সুস্পষ্ট ও কার্যকর প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না।”
বিমান দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে। দোষীদের দ্রুত বিচারের মাধ্যমে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এমন দুঃখজনক ঘটনা আর না ঘটে।”