প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৫:০১ পিএম

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিক্ষার্থী ‘মাকিনের (১৪) মৃত্যু হয়েছে। মাকিনের মৃত্যুতে মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩ জনে।
শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১ টা ৫ মিনিটে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
নিহত ‘মাকিন’ মাইলস্টোনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
মাকিনের বাবা মোহাম্মদ হোসাইন বলেন, ‘আমার দুই ছেলের মধ্যে ছোট মাকিন। আমাদের গ্রামের বাড়ি গাজীপুরের গাছা এলাকায় জানাজার পর তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।’
বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, নিহত মাকিন ৭০ শতাংশ দগ্ধ নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিল। তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিলো।
আজ দুপুর ১২টা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় মোট ৫১ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে। ৩২ জনের মৃত্যু হয়েছে। আর মাকিনের মৃত্যু নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল ৩৩ জনে।
স্বদেশ প্রতিদিন/এমএম