প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ২:১০ পিএম

বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সোল মেট’ জায়গা করে নিয়েছে রাশিয়ার মস্কোতে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল আন্তারিজ’-এ।
আগামী ৬ আগস্ট শুরু হয়ে ১০ আগস্ট পর্যন্ত চলবে এবারের আন্তারিজ উৎসব। সেখানে ২৯টি দেশের ১০৪টি ফিচার ফিল্ম, শর্ট ফিল্ম ও ডকুমেন্টারি প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
চার মিনিট দৈর্ঘ্যের ‘সোল মেট’ ছবিটি উৎসবের ডকুমেন্টারি ফিল্ম বিভাগে প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছে। এটি নির্মাণ করেছেন আদেল ইমাম অনুপ, যার এটি প্রথম পরিচালনা।
আন্তর্জাতিক আসরে চলচ্চিত্রটির অন্তর্ভুক্তি নিয়ে নির্মাতা আদেল ইমাম অনুপ বলেন, “একজন স্বাধীন নির্মাতা হিসেবে আমার কাজ আন্তর্জাতিক কোনো উৎসবে স্থান পাওয়াটা সত্যিই অনেক বড় প্রাপ্তি। আমরা অনেক সীমাবদ্ধতার মধ্যেও কাজ করি। তারপরও কিছু মানুষ পাশে ছিলেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”
‘সোল মেট’ সিনেমার মূল ভাবনা গড়ে উঠেছে এক জোড়া জুতার অনুভূতির ওপর। যদি জুতা কথা বলতে পারত, তবে সে কী বলত—এমন প্রশ্নকে ঘিরেই আবর্তিত হয়েছে গল্প। এতে কোনো মানুষের মুখ দেখানো হয়নি, বরং কেবল পায়ের দৃশ্যধারণের মাধ্যমেই নির্মিত হয়েছে সিনেমাটি। গল্পটি বলা হয়েছে ভয়েস ওভারের মাধ্যমে, যেখানে কণ্ঠ দিয়েছেন রেজওয়ান কবির কল্লোল।
চলচ্চিত্রটির গল্প লিখেছেন আদেল ইমাম অনুপ ও রেজওয়ান কবির কল্লোল। চিত্রনাট্যে ছিলেন শেখ কোরাশানী। সিনেমাটোগ্রাফি ও সম্পাদনায় আসাদুজ্জামান আবীর এবং সহকারী সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন ফজলে রাব্বী।
স্বদেশ প্রতিদিন/ আরএফ