প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৯:১৫ পিএম

ফাইল ছবি
নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে করা আবেদনগুলো শর্ত পূরণে ব্যর্থ হলে ১৫ দিন পর তা বাতিল করে দেবে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক যাচাই-বাছাইয়ে কোনো দলই নিবন্ধনের যোগ্যতা অর্জন করতে না পারায় তাদেরকে আরও ১৫ দিনের সময় দেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন।
মঙ্গলবার (২২ জুলাই) ইসি সচিব মো. আখতার হামিদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘কোনো দলই এখন পর্যন্ত প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি। তাই আমরা ১৫ দিন সময় দিয়েছি শর্ত পূরণের জন্য। এই সময়সীমা পেরিয়ে গেলে আর কোনো সুযোগ থাকবে না। নির্ধারিত সময়ে শর্ত পূরণ না করলে কমিশন আইন অনুযায়ী আবেদন বাতিল করে দেবে।’
উল্লেখ্য, চলতি বছরের ২০ এপ্রিল পর্যন্ত নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করে ইসি। পরবর্তী সময়ে সময় বাড়ানোর আবেদন করলে ২২ জুন পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হয়। এ সময়ের মধ্যে ১৪৪টি দল মোট ১৪৭টি আবেদন জমা দেয়। তবে জাতীয় নাগরিক পার্টিসহ কোনো দলই প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারেনি।
ফলে, নির্বাচন কমিশন সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী সব দলকে আরও ১৫ দিনের সময় দিয়েছে। এই সময়ের মধ্যেও শর্ত পূরণ করতে না পারলে আবেদন বাতিল করা হবে।
স্বদেশ প্রতিদিন/এনআর