প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৭:২৭ পিএম

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলায় গুরুতর ক্ষতির কথা স্বীকার করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির দেওয়া বক্তব্যের পর পাল্টা হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২১ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘প্রয়োজনে যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাবে।’
ট্রাম্পের এ মন্তব্য সামনে আসে ঠিক তখন, যখন ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, জুনে মার্কিন হামলায় তাদের পারমাণবিক স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ‘আমাদের স্থাপনাগুলোর ক্ষতি এখন আমাদের পারমাণবিক সংস্থা মূল্যায়ন করছে।’
তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি জানান, ‘এটি আমাদের বিজ্ঞানীদের অর্জন এবং এখন এটি জাতীয় গর্বের বিষয়।’
ট্রাম্প তার পোস্টে সিএনএনকেও তীব্রভাবে সমালোচনা করেন। কারণ, সিএনএন এক প্রতিবেদনে দাবি করেছিল, মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি ধ্বংস হয়নি। ট্রাম্প বলেন, ‘সিএনএনের উচিত ভুয়া প্রতিবেদককে বরখাস্ত করা এবং মহান মার্কিন পাইলটদের কাছে ক্ষমা চাওয়া।’
গত ১৩ জুন ইরানের ওপর ইসরায়েল আকস্মিক হামলা চালায়, যার ফলে দীর্ঘদিন ধরে ওমানের মধ্যস্থতায় চলা পারমাণবিক আলোচনা ভেঙে পড়ে। এই ঘটনার মাত্র দুই দিন পর মাস্কাটে ষষ্ঠ দফা আলোচনা শুরু হবার কথা ছিল।
এরপর ২২ জুন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে যুদ্ধের অংশ নেয় এবং তিনটি গুরুত্বপূর্ণ ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এই যুদ্ধ ১২ দিন স্থায়ী হয়।
যুদ্ধ থামার পর গত শুক্রবার তুরস্কের ইস্তানবুলে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে ইরান নতুন করে আলোচনায় বসে। তবে ইরান তাদের সমৃদ্ধকরণ কার্যক্রম ছাড়তে অনিচ্ছুক- যা পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে সমঝোতায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
উৎস: আনাদোলু এজেন্সি, ফক্স নিউজ
স্বদেশ প্রতিদিন/এমএম