প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৪:২৬ পিএম

সংগৃহীত ছবি
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে শিক্ষার্থীরা। এই দুর্ঘটনার প্রতিবাদে, শিক্ষাখাতে নানাবিধ অব্যবস্থাপনার বিরুদ্ধে এবং আইন ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
সোয়া ২টার দিকে বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে জড়ো হন। এরপর সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থান নেন তারা। তাদের উপস্থিতিতে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়। এসময় ‘ভুয়া ভুয়া’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তখন সচিবালয়ের ভেতরে অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
বিক্ষোভকারীরা জানান, মাইলস্টোনে ঘটে যাওয়া দুর্ঘটনার পরপরই এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি জানানো হলেও শিক্ষা উপদেষ্টা তাতে কর্ণপাত করেননি। তারা বলেন, রাত ৩টায় পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে, যখন শিক্ষার্থীরা ইতিমধ্যে পরীক্ষা প্রস্তুতি নিয়ে ঘুমিয়ে পড়েছে। এতে তারা হতাশ ও ক্ষুব্ধ। তাদের প্রশ্ন—উপদেষ্টা আসলে কার জন্য? এমন দায়িত্বহীনতা আর চলতে দেওয়া যায় না।
এছাড়াও শিক্ষার্থীদের একটি দল শিক্ষা বোর্ড থেকে সচিবালয়ের প্রধান ফটকের সামনে এসে বিক্ষোভে অংশ নেয়। তারা এবারের এসএসসি পরীক্ষায় ফলাফল পুনঃমূল্যায়নের দাবি জানান। তাদের অভিযোগ, সঠিকভাবে মূল্যায়ন না হওয়ায় বহু শিক্ষার্থী অন্যায়ভাবে ফেল করেছেন।
স্বদেশ প্রতিদিন/এনআর