প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ১১:৩২ পিএম

অর্থাভাবে অনার্স ফাইনাল পরীক্ষা দিতে না পারা এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে আবারও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘উত্তরণ’।
সমাজবিজ্ঞান অনুষদের অধীন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৯-২০ সেশনের ওই শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম ফিলআপ করতে না পারায় মূল পরীক্ষায় অংশ নিতে পারেননি। পরে বিশেষ পরীক্ষার সুযোগ পেলেও ফের ফর্ম পূরণ ও ক্যাম্পাসে উপস্থিত হওয়া প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু বৈধ হলে থাকার জায়গা না থাকায় তিনি বাধ্য হয়ে বাড়িতে ফিরে যান। এরপর আর্থিক সংকটের কারণে আবার বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়াও তার পক্ষে সম্ভব হচ্ছিল না।
এমন সংকটময় পরিস্থিতিতে তিনি ‘উত্তরণ’-এর সঙ্গে যোগাযোগ করলে সংগঠনটি মানবিক বিবেচনায় পরীক্ষার ফর্ম ফিলআপ বাবদ ৭,০০০ টাকা এবং যাতায়াত ও আবাসন ব্যয়ের জন্য অতিরিক্ত ৩,০০০ টাকা সহায়তা করে। মোট ১০,০০০ টাকার এই সহায়তা একজন তরুণ শিক্ষার্থীর থেমে যাওয়া স্বপ্নকে আবার ছুটে চলার সাহস দেয়।
সহায়তা পাওয়ার পর আবেগাপ্লুত শিক্ষার্থী বলেন, “সত্যি বলতে, আমি প্রায় হাল ছেড়ে দিয়েছিলাম। মনে হচ্ছিল, হয়তো আর অনার্স ডিগ্রি নেওয়া হবে না। কিন্তু ‘উত্তরণ’ পাশে দাঁড়ানোর পর মনে হলো, এখনো আশার জায়গা আছে। এই ১০ হাজার টাকা শুধু টাকা নয়—এটা আমার কাছে সাহস, বিশ্বাস আর ভালোবাসার প্রতীক। আমি আবারও স্বপ্ন দেখার সাহস পাচ্ছি।"
সংগঠনের সভাপতি সবুজ আহমেদ বলেন, “আমরা মনে করি, একটুখানি সহায়তাও কারও জীবনে বড় পরিবর্তন আনতে পারে। এই সহায়তা শুধু একটি পরীক্ষার পথ খুলে দেয়নি, বরং একজন তরুণকে নতুন করে স্বপ্ন দেখতে সাহায্য করেছে। ভবিষ্যতেও আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
স্বদেশ প্রতিদিন/এনআর/রাজু