প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৯:৪৩ পিএম

পাবনার চাটমোহরে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে আড়াই হাজার লিটার ভেজাল দুধ জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় প্রাণ কোম্পানির তিন কর্মকর্তা কারাগারে এবং পাঁচজন গ্রেপ্তার হয়েছেন।
সোমবার (২১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার লাঙ্গলমোড়া গ্রাম ও ছাইকোলা চৌরাস্তায় এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী।
অভিযানে সহায়তা করে এনএসআই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও থানা পুলিশ।
প্রথমে লাঙ্গলমোড়া গ্রামে ভেজাল দুধ তৈরির গোপন কারখানায় অভিযান চালানো হয়। সেখান থেকে দুধ, তেল ও বিভিন্ন কেমিক্যালসহ উপকরণ জব্দ করা হয়। এ সময় ছয়জনকে আটক করা হলেও একজন (খলিলুর রহমান) ছেলেকে আত্মসমর্পণের শর্তে মুক্তি পান। পাঁচজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন: সাইদুল ইসলাম (৪৫), খলিলুর রহমান (৬৫), লিটন হোসেন (১৯), নিজাম উদ্দিন (৫০), রুবেল হোসেন (২০) ও মাজেদা খাতুন (৩৫)।
পরে ছাইকোলা চৌরাস্তায় প্রাণের চিলিং সেন্টারে অভিযান চালানো হয়। সেখানে ডিটারজেন্ট ও তেল মেশানো দুধ পাওয়া গেলে আড়াই হাজার লিটার দুধ জব্দ করে তা জনসমক্ষে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত প্রাণ কোম্পানির এরিয়া ম্যানেজার শামসুল আলম (৩৬), কর্মকর্তা জহির রায়হান (২৭) ও নাজমুল হোসাইন (৩৫)–কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ইউএনও মুসা নাসের চৌধুরী বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। ভেজাল প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। পলাতকরাও আইনের আওতায় আসবে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ