প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৯:৪১ পিএম আপডেট: ২১.০৭.২০২৫ ৯:৪৪ PM

খাগড়াছড়িতে নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্যের দেয়াল তুলে পার্বত্য চট্টগ্রামে রাজনৈতিক ফায়দা লুটেছে স্বার্থনির্ভর গোষ্ঠী। খাগড়াছড়িতে এনসিপি আয়োজিত মহাসমাবেশে তিনি এ কথা বলেন।
আজ সোমবার (২১ জুলাই) দুপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ এর অংশ হিসেবে খাগড়াছড়ি শাপলা চত্বর মুক্তমঞ্চে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, “১৯৭২ সালের সংবিধানে পাহাড়ের বহু ভাষাভাষী জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করা হয়নি। এর ফলে দীর্ঘদিন ধরে অবাঙালি জাতিগোষ্ঠীর সঙ্গে বৈষম্যমূলক আচরণ চলেছে।”
তিনি আরো বলেন, “পাহাড়ি-বাঙালিসহ সব জনগোষ্ঠীকে উন্নয়নের নামে বঞ্চিত করা হয়েছে। এখন সময় এসেছে সবাইকে নিয়ে একটি নতুন, অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র ও সংবিধানের দিকে এগিয়ে যাওয়ার।”
নাহিদ ইসলাম জানান, পার্বত্য জনপদে শান্তি ও সম্প্রীতির পরিবেশ তৈরিই এনসিপির মূল লক্ষ্য।
তিনি বলেন, “তৃতীয় পক্ষের ফায়দা লুটে নেওয়ার সুযোগ আর দেওয়া হবে না।”
মহাসমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট মনজিলা ঝুমা।
আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম যারা, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি ও আব্দুল হান্নান মাসুদ।
খাগড়াছড়ি জেলা এনসিপির পক্ষে উপস্থিত ছিলেন জেলা সংগঠক বিপ্লব ত্রিপুরা, শাহ নেওয়াজ, আখলিমা আক্তার, সুবোধ চাকমাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা পাহাড়ে বিভাজন ও বৈষম্যের রাজনীতির অবসান ঘটিয়ে শান্তি ও সাম্যের সমাজ গঠনে এনসিপির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সমাবেশ শেষে সদ্য বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।