প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৯:০৬ পিএম

নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালাতে গিয়ে জেলেদের হামলায় কোস্টগার্ডের এক সদস্য গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চেয়ারম্যান ঘাট সংলগ্ন মেঘনা নদীর নীল বয়া এলাকায় এ ঘটনা ঘটে।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, ওই এলাকায় অবৈধ কারেন্ট জাল উদ্ধারে অভিযান চালায় তারা। অভিযানের সময় একটি মাছ ধরার ট্রলার থামতে বললে জেলেরা ক্ষিপ্ত হয়ে ইট-পাটকেল ও বাঁশ দিয়ে হামলা চালায়। এতে কোস্টগার্ড সদস্য মো. শাহরিয়ার (২৬) মাথায় গুরুতর আঘাত পান। একপর্যায়ে তাকে নদীতেও ফেলে দেওয়া হয়।
আহত শাহরিয়ারকে প্রথমে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে বরিশাল সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়।
হাতিয়া কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. আশরাফুল আলম বলেন, “জেলেদের কাছ থেকে অবৈধ জাল জব্দ করতে গিয়ে হামলার শিকার হতে হয়। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ