প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৯:১১ পিএম

সংগৃহীত ছবি
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে, তাদের মৃতদেহ দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাকি মরদেহগুলো ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে পরবর্তীতে হস্তান্তর করা হবে।
সোমবার (২১ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দুর্ঘটনায় আহতদের চিকিৎসা বিষয়ে প্রধান উপদেষ্টা সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। হাসপাতালে চিকিৎসা কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে—অহেতুক ভিড় না করার জন্য।
প্রসঙ্গত, সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও ভবনটিতে আগুন ধরে যায়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দুর্ঘটনার সময় ভবনটিতে বহু স্কুল শিক্ষার্থী উপস্থিত ছিল। তাদের বেশিরভাগই দুর্ঘটনায় আহত বা নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। উদ্ধার অভিযানে বিজিবি, সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরাও অংশ নেয়। গুরুতর আহতদের হেলিকপ্টারে করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
সর্বশেষ ফায়ার সার্ভিস জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছেন। তবে স্থানীয় সূত্র বলছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত করতে এবং স্বজনদের সহায়তায় একটি কেন্দ্রীয় তথ্য ডেস্ক স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট হাসপাতাল ও প্রশাসনের পক্ষ থেকেও সার্বিক সহায়তা দেওয়া হচ্ছে।
এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে।
স্বদেশ প্রতিদিন/এনআর