প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ১১:২৩ AM

বিশ্বসংগীতে আবারও নতুন ইতিহাস গড়লো দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংগীতদল বিটিএস। অনলাইন প্ল্যাটফর্মে ৩ কোটির বেশি অনুসারী অর্জনের মধ্য দিয়ে বিশ্বে প্রথমবারের মতো এমন রেকর্ড গড়ল কোনো সংগীত ব্যান্ড দল।
গত ২০ জুলাই এ মাইলফলকের কথা নিশ্চিত করে বিটিএস নিজেদের ভক্তদের উদ্দেশে প্রকাশ করে বিশেষ বার্তা। ব্যান্ডের অন্যতম সদস্য জিন মজার ভঙ্গিতে সামাজিক মাধ্যমে লেখেন, ‘গর্ব করার মতো কিছু পোস্ট করতে বলেছিল, এই নাও!’
এই সরল অথচ রসিকতাপূর্ণ বার্তা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে অনুরাগীদের মধ্যে।
বিটিএস, বা পুরো নাম ‘বাংটান বয়েজ’, ২০১০ সালে সাত সদস্যকে নিয়ে গঠিত হয়। সদস্যরা হলেন: আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি এবং জাংকুক। প্রথমে কোরিয়ায় জনপ্রিয়তা পেলেও অল্প সময়েই তারা বিশ্বসংগীতে নিজেদের জায়গা করে নেয়।
বিটিএসের অনলাইন প্ল্যাটফর্ম ২০১৯ সালের জুন মাসে চালু হয়। এখানে ভক্তরা তাদের পছন্দের শিল্পীদের সঙ্গে সরাসরি কথোপকথনের সুযোগ পান। দেখতে পারেন বিভিন্ন গোপন ভিডিও, শুনতে পারেন বিশেষ বার্তা। এমনকি অনুষ্ঠানের টিকিট এবং শিল্পীদের পণ্য সংগ্রহের সুবিধাও রয়েছে সাইটটিতে। যেকারণে সাইটটি ছুঁয়েছে তিন কোটিরও বেশি অনুসারী।
বতর্মানে নতুন গানের সংকলন নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিটিএসের সদস্যরা। সামরিক দায়িত্ব পালন শেষে সাত সদস্যই এবার একসঙ্গে কাজ করছেন। তাই তাদের নতুন অ্যালবাম নিয়ে এখনই উন্মাদনা চলছে ভক্ত মহলে। বিটিএসের নতুন অ্যালবাম আগামী বছরের বসন্তে প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম