প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৩:৫৪ পিএম আপডেট: ২০.০৭.২০২৫ ৩:৫৮ PM

সংগৃহীত ছবি
গোপালগঞ্জের ঘটনায় আগের মতো গণগ্রেপ্তার নয় শুধু প্রকৃত দোষীদেরই আইনের আওতায় আনা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ রবিবার (২০ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাবিষয়ক এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি।
তিনি জানান, গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনার পেছনে রাজনৈতিক প্রভাব থাকলেও এখন পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। ইতোমধ্যে কারফিউ প্রত্যাহার করা হয়েছে এবং ১৪৪ ধারা শিগগিরই তুলে নেওয়া হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এবারের হরতালগুলোতে সহিংসতার মাত্রা অন্যান্য সময়ের তুলনায় কম।সরকার সহনশীলতা বজায় রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে।”
তিনি আরও বলেন, “মিথ্যার মাধ্যমে গণতন্ত্র টিকে না, সত্যই গণতন্ত্রের ভিত্তি। কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তবে নিরপরাধ কাউকে যেন হয়রানি করা না হয়, সেদিকে আমরা সচেষ্ট। গোপালগঞ্জে কোনো শিশু গ্রেপ্তারের তথ্য আমার কাছে নেই।”
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য যে নিরাপত্তা প্রয়োজন, তা আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত করতে প্রস্তুত।”