
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবুর বিরুদ্ধে মৎস্যঘের দখলের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত।
সাতক্ষীরার শ্যামনগরের প্যান্ডামিক ফিশারিজের মালিক ও সাবেক সচিব এ. এম. সাইদুর রহমান এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবুর বিরুদ্ধে মৎস্যঘের দখলের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে জমির মালিকরা এই মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, “প্যান্ডামিক ফিশারিজ কর্তৃপক্ষ এক হাজার বিঘা জমি লিজ নিয়ে দীর্ঘদিন ধরে টাকা পরিশোধ না করে এখন জমি দখলের চেষ্টা করছে। জমির মালিকরা টাকা দাবি করলে তাদেরকে ভয়ভীতি, হুমকি এবং হয়রানিমূলক মামলায় জড়ানো হচ্ছে।”
বক্তারা আরো বলেন, “সাবেক সচিব সাইদুর রহমানের নির্দেশে ঘের দখলে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল কাইয়ুম আবু, তার সহযোগী রাহুল মোড়ল, সাদ্দাম, গামছা মোস্তফা, মশিউর রহমান ও বখতিয়ার রহমান বকুল শতাধিক লাঠিয়াল মোতায়েন করেছে।”
জমির মালিকরা জানান, লিজের মেয়াদ শেষ হলেও ঘের ফেরত দেওয়া হচ্ছে না উল্টো গুন্ডা বাহিনী দিয়ে স্থানীয়দের হুমকি দেওয়া হচ্ছে।
মানববন্ধন শেষে ঘের দখলমুক্তকরণে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি পেশ করা হয়।
মানববন্ধনে অংশ নিয়েছিলেন মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জমির মালিক আবুল কাশেম মোড়ল, মোঃ আব্দুল হালিম, মোহাম্মদ আবু হামজা, রফিকুল ইসলাম, মোঃ সিদ্দিকুর রহমান, আলম মোল্লা, হাজী মোহাম্মদ আনসার আলী, মোহাম্মদ আনিসুজ্জামান, ওমর ফারুক, হাবিবুর রহমান, সুভাষচন্দ্র মন্ডল, সিরাজুল ইসলাম, মিজানুর রহমান ও আরশাদ আলী প্রমুখ।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “প্রজেক্টে বর্তমানে ১২ কোটি টাকার মাছ ছাড়া আছে। ব্যাংক লোন আছে ১৬ কোটি টাকা। আমি প্রজেক্টের মালিক সাইদ সাহেবের পক্ষে ঘের দেখাশোনা করছি। লাঠিয়াল বাহিনী নিয়োগ করার বিষয়টি সত্য নয়।”
স্বদেশ প্রতিদিন/এমএএম