প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৭:৪৯ পিএম

ভেড়ামারায় মেয়েকে হত্যার অভিযোগে গ্রেপ্তার বাবা
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রামচন্দ্রপুর এলাকার এক তরুণীকে হত্যার অভিযোগে তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় মেয়ের মা তাসলিমা খাতুন বাদী হয়ে তার স্বামীকে প্রধান আসামি করে ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তার আমির হোসেনকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার জন্য আদালতে প্রেরণ করা হয়।
ভেড়ামারা থানা সূত্রে জানা যায়, ভেড়ামারার রামচন্দ্রপুর এলাকার আনিতা তার দ্বিতীয় স্বামী মহিনের সঙ্গে পারিবারিক কলহের জেরে বিগত তিন মাস ধরে বাবার বাড়িতে থাকতেন। কিন্তু হঠাৎ আনিতা গত ১২ জুলাই মহিনের সংসারে ফেরত যাওয়ার সিদ্ধান্ত নিলে ক্ষিপ্ত হয়ে ওঠেন বাবা আমির হোসেন। রাগের বশে মেয়ের ব্যবহৃত ওড়না গলায় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরবর্তীতে, মেয়ের মা বাদী হয়ে আনিতার বাবা আমির হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
তাসলিমা খাতুন বলেন, “আমি আমার মেয়ের আড়াই বছরের বাচ্চাকে নিয়ে বাইরে গিয়েছিলাম। মাগরিববের নামাজের ঠিক আগ মুহূর্তে বাড়িতে এসে আনিতাকে ডাকতে থাকি। পরবর্তীতে রুমে গিয়ে দেখি ওড়না প্যাচানো অবস্থায় আমার মেয়ের নিথর দেহ বিছানায় পড়ে আছে।”
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মো. আবদুল রব তালুকদার বলেন, “আমির হোসেন ব্যাপারীকে তার মেয়ে আইনুন নাহার আনিতাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করেছি। ভিকটিমের মা নিজে বাদী হয়ে ৩০২ ধারায় তার স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।”
স্বদেশ প্রতিদিন/এমএএম