প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ১:৪৪ পিএম

সংগৃহীত ছবি
দেশের খ্যাতনামা শিল্পোদ্যোক্তা, এইচআরসি গ্রুপের চেয়ারম্যান ও যায়যায়দিন পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি এবং প্রকাশক সাঈদ হোসেন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
চা শিল্পে অসামান্য অবদান রাখা সাঈদ হোসেন চৌধুরীর মালিকানাধীন এইচআরসি গ্রুপ বাংলাদেশের অন্যতম চা রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক পরিসরে দেশের ভাবমূর্তি তুলে ধরেছে। এছাড়া প্রতিষ্ঠানটি পর্যটন, জাহাজ নির্মাণ, পরিবহন, আবাসন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন খাতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে, যার মাধ্যমে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে।
শিল্পপতি হিসেবে খ্যাতি অর্জনের পাশাপাশি সাঈদ হোসেন চৌধুরী কূটনৈতিক পরিমণ্ডলেও পরিচিত নাম ছিলেন। তিনি স্পেনে বাংলাদেশের অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরার ক্ষেত্রে তার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সমাজসেবায়ও তিনি ছিলেন নিবেদিত। শিক্ষা, স্বাস্থ্য ও দারিদ্র্য বিমোচন কার্যক্রমে যুক্ত থেকে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। এ জন্য দেশ-বিদেশে বিভিন্ন সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন।
তার মৃত্যুতে এইচআরসি গ্রুপ ও যায়যায়দিন পরিবার গভীর শোক প্রকাশ করেছে। তারা এক বিবৃতিতে বলেন, “আমরা একজন দূরদর্শী নেতা, সমাজসেবক ও সফল উদ্যোক্তাকে হারালাম। তাঁর অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।”
সাঈদ হোসেন চৌধুরীর মৃত্যুতে দেশের ব্যবসায়িক, কূটনৈতিক এবং রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এনআর