প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৯:২০ AM

জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের কারণে আজ সোমবার (১৫ জুলাই) বিকেল ৫টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনে কোনো ট্রেন থামবে না। তবে আগামীকাল মঙ্গলবার (১৬ জুলাই) থেকে যথারীতি স্টেশনটি আবার খুলে দেওয়া হবে এবং নিয়মিত যাত্রা করবে মেট্রোরেল।
রবিবার (১৪ জুলাই) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ডিএমটিসিএল জানিয়েছে, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি শুধু আজকের (সোমবার) জন্য প্রযোজ্য থাকবে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, অনুষ্ঠান ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যাপক জনসমাগম এবং স্টেশনে যাত্রীর চাপ বাড়ার আশঙ্কা রয়েছে। মানুষের ভিড়, হুড়োহুড়ি ও সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়াতেই ঢাবি স্টেশনে ট্রেন না থামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বিকল্প স্টেশন হিসেবে নিকটবর্তী কাঁঠালবাগান বা সায়েন্সল্যাব স্টেশন থেকে যাত্রীরা যাতায়াত করতে পারবেন।
স্বদেশ প্রতিদিন/এনআর