প্রকাশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ৪:২৭ পিএম

নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী রেলওয়ে স্টেশনে কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসীন্দারা।
রোববার (১৩ জুলাই) সকালে জিনারদী, পাঁচদোনা ও শিলমান্দী ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনটি সঞ্চালনা করেন মনিরুজ্জামান ভূঁইয়া ইমন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘জিনারদী রেলস্টেশন এই এলাকাবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ যাতায়াত মাধ্যম। প্রতিদিন শত শত যাত্রী এই স্টেশন থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে কমিউটার ট্রেন এই স্টেশনে যাত্রাবিরতি না দেওয়ায় যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।’
দ্রুত সময়ের মধ্যে জিনারদী স্টেশনে কমিউটার ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন- পলাশ উপজেলা যুবদলের সভাপতি নিছার আহমেদ খান, জিনারদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ খান, পাঁচদোনা ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ, জিনারদী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও স্থানীয় শিক্ষক নাসির মাস্টার।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দাবি না মানা হলে আগামীতে দাবি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হতে পারে।’
স্বদেশ প্রতিদিন/আরএফ