মিটফোর্ডের ঘটনায় বিএনপির সুনাম নষ্ট করার ষড়যন্ত্র চলছে : ড. এম এ কাইয়ুম
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৯:৫২ পিএম আপডেট: ১২.০৭.২০২৫ ১০:২৮ PM

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, “বর্তমানে বিএনপির ভাবমূর্তি ও সুনাম নষ্ট করতে ষড়যন্ত্র করা হচ্ছে।”
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, “মিটফোর্ডের ঘটনায় বিএনপির সুনাম নষ্ট করার ষড়যন্ত্র চলছে। মিটফোর্ডের ঘটনাটি রাজনৈতিক নয়, এটি ব্যক্তিগত ব্যবসায়িক বিরোধ। ভাঙারি ব্যবসা নিয়ে এই সংঘর্ষ হয়েছে। নিহত ব্যক্তি ও ঘাতকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এটি দলের আদর্শ বা পদ-পদবি নিয়ে নয়, শ্রেফ ব্যবসা সংক্রান্ত বিরোধ।”
আজ শনিবার (১২ জুলাই) বিকেলে গুলশান ২ সেকশনে একটি হলরুমে হাতিরঝিল থানা বিএনপি ও ২২নং ওয়ার্ড বিএনপির সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আলহাজ্ব ড.এম এ কাইয়ুম বলেন, “বিএনপির ভাবমূর্তি ও সুনাম নষ্ট করতে ষড়যন্ত্র করা হচ্ছে। একটি রাজনৈতিক দল উঠে-পড়ে লেগেছে। অথচ বিএনপি মজলুমদের দল। গত ১৭ বছর বিএনপি নেতাকর্মীরা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে। তখনো একইভাবে ষড়যন্ত্র করা হয়েছিলো। ৫ আগস্টের পর একইভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু কোনো সন্ত্রাসী, চাঁদাবাজদের স্থান বিএনপিতে হবে না। এ বিষয়ে বিএনপির সকল নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।”
ড. এম এ কাইয়ুম বলেন, “গত ১৭ বছর বিএনপিকে ধ্বংস করতে নেতাকর্মীদের ওপর নিপীড়ন ও নির্যাতন করা হয়েছে। যেন বিএনপি দেশ থেকে চিরতরে নিঃশেষ হয়ে যায়। বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে হামলা করে পঙ্গু করা হয়েছে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ এমন কোনো নেতাকর্মী নেই, যারা নির্যাতনের স্বীকার হননি। বর্তমানে বিএনপির ভাবমূর্তি ও সুনাম নষ্ট করতে ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপি ক্ষমতায় না যেতেই নানা চক্রান্ত করা হচ্ছে।”
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব এ জি এম শামছুল হক, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, তুহিরুল ইসলাম তুহিন, জাসাসের যুগ্ম আহ্বায়ক খালেদ এনাম মুন্না, ২২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নিজামউদ্দিন টিপু ,সাধারণ সম্পাদক তারিকুল আনোয়ার, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর উত্তরের সাবেক সহ সভাপতি মো. হারুন অর রশিদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে হাতিরঝিল থানা বিএনপি ও ২২ ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এম এ কাইয়ুমকে ফুলের তোড়া হাতে দিয়ে অভিনন্দন জানান।
সভা শেষে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল হাতিরঝিল থানার ২২ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক নিহত মজাহারুল ইসলাম রাজিবের (২০১৫ সালে ক্রসফায়ারে) পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম।
স্বদেশ প্রতিদিন/আইএমএস