প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ১০:২৪ AM

তারকাদের ব্যবহৃত জিনিস নিলামে উঠা নতুন কিছু নয়। তবে এবার যা ঘটেছে, তা রীতিমতো চমকে দেওয়ার মতো। ব্রিটিশ অভিনেত্রী জেন বার্কিন-এর ব্যবহৃত একটি ব্যাগ নিলামে বিক্রি হয়েছে ১০ মিলিয়ন ডলারে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১২১ কোটি ৫৭ লাখ টাকা।
এই ব্যাগটি শুধু একটি ফ্যাশন আইটেমই নয়, বরং ইতিহাসের অংশ। কারণ, এটিই ছিল জেন বার্কিনের ব্যবহৃত প্রথম বার্কিন ব্যাগ, যা তার নামেই তৈরি হয়েছিল।
১৯৮৪ সালে একটি বিমানে ভ্রমণের সময় জেন বার্কিন হার্মেসের ডিজাইনার জঁ লুই দ্যুমা-কে বলেন, ‘তিনি এমন একটি ব্যাগ চান যা দেখতে স্টাইলিশ কিন্তু ব্যবহারযোগ্যও হবে। তখনই বিমানে বসেই দ্যুমা একটি স্কেচ করে ফেলেন। সেখান থেকেই জন্ম নেয় ‘বার্কিন ব্যাগ’, যা পরে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাগে পরিণত হয়।’
নিলামে বিক্রি হওয়া ব্যাগটি ছিল চামড়ার তৈরি এবং তার ওপর খোদাই করা ছিল জেন বার্কিনের নামের আদ্যক্ষর ‘জেবি’। এটি তিনি প্রায় ৯ বছর ধরে ব্যবহার করেছিলেন।
প্রথমবার ১৯৯৪ সালে ক্যান্সার রোগীদের সহায়তায় ব্যাগটি নিলামে তোলা হয়। পরে এক ফরাসি সংগ্রাহক তা কিনে নেন। সর্বশেষ, ২০২৫ সালে এক জাপানি ক্রেতা ফোনে বিড করে ব্যাগটি ১০ মিলিয়ন ডলারে কিনে নেন।
নিলাম সংস্থার মতে, এটি এখন পর্যন্ত ফ্যাশন জগতে কোনো শৌখিন জিনিসের বিক্রিতে সর্বোচ্চ মূল্য। সাধারণত হার্মেসের বার্কিন ব্যাগের দাম শুরু হয় ১০ হাজার ডলার থেকে।
২০২৩ সালে ফ্রান্সে প্রয়াত হন জেন বার্কিন। শুধু অভিনয় নয়, ফ্যাশনেও তিনি ছিলেন এক অনন্য নাম। তার নামেই তৈরি এই ব্যাগ আজও বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ও মর্যাদাসম্পন্ন ব্যাগগুলোর একটি।
স্বদেশ প্রতিদিন/এমএম