প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২:০৮ পিএম

জনতা ব্যাংকের বহুল আলোচিত ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাৎ মামলায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. আবুল বারাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ১১ টার দিকে রাজধানীর ধানমন্ডির ২-নম্বর রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) মো. তালেবুর রহমান।
তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। শুক্রবার সকালে তাকে দুদকের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে ৩ জুন দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে ড. আবুল বারাকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, মাত্র ৩ কোটি টাকা মূল্যের জমি ১৬৪ কোটি টাকা দেখিয়ে অতিমূল্যায়নের মাধ্যমে অ্যাননটেক্স গ্রুপকে ঋণ অনুমোদন দেওয়া হয়। এরপর সেই ঋণের বড় একটি অংশ বিভিন্ন প্রতিষ্ঠানের নামে স্থানান্তর করে আত্মসাৎ করা হয়। এতে ব্যাংকের প্রায় ২৯৭ কোটি টাকা আত্মসাৎ হয় বলে মামলায় উল্লেখ রয়েছে।
মামলায় বারাকাত ছাড়াও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদসহ আরও কয়েকজন সাবেক কর্মকর্তা ও পরিচালকের নাম রয়েছে বলে জানা গেছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ