প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ১০:২৩ AM

ইয়েমেনের একজন নাগরিককে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার সাজা আগামী ১৬ জুলাই কার্যকর হতে যাচ্ছে। ভারতের কেরালা রাজ্যের বাসিন্দা এই নার্সের মৃত্যুদণ্ড ২০২৩ সালের নভেম্বরে ইয়েমেনের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কর্তৃক চূড়ান্তভাবে বহাল রাখা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে জানা গেছে, ২০০৮ সালে ইয়েমেনে যান প্রিয়া। সেখানে কয়েক বছর বিভিন্ন হাসপাতালে কাজ করার পর একটি ক্লিনিক চালু করেন। তবে ইয়েমেনের আইন অনুযায়ী, বিদেশিদের স্থানীয় অংশীদার ছাড়া ব্যবসা চালানো যায় না। সেই নিয়ম মেনে তিনি স্থানীয় নাগরিক তালাল আবদো মাহদির সঙ্গে অংশীদারিত্বে যান।
২০১৪ সালের পর থেকে মাহদির সঙ্গে তার বিরোধ ও উত্তেজনা বাড়ে। ২০১৬ সালে মাহদিকে প্রিয়ার দায়ের করা অভিযোগে গ্রেফতার করা হলেও পরে তিনি মুক্তি পান। এরপর প্রিয়ার অভিযোগ অনুযায়ী, মাহদি তাকে হুমকি দিতে থাকেন এবং তার পাসপোর্ট জব্দ করে রাখেন।
প্রিয়ার পরিবারের দাবি, পাসপোর্ট ফেরত পেতে গিয়ে তিনি মাহদিকে ঘুমের ওষুধের ইনজেকশন দেন, তবে অতিরিক্ত মাত্রায় প্রয়োগের ফলে মাহদির মৃত্যু ঘটে।
দেশ ছাড়ার চেষ্টা করার সময় প্রিয়াকে গ্রেফতার করা হয় এবং ২০১৮ সালে তাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে আদালত। এরপর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ইয়েমেনের সর্বোচ্চ আদালত মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে।
ভারত সরকার ও কেরালার বিভিন্ন মানবাধিকার সংগঠন প্রিয়ার মৃত্যুদণ্ড ঠেকাতে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণার পর থেকে আবারও আলোচনায় এসেছে এই বিষয়টি। তবে ইয়েমেন সরকার এখন পর্যন্ত দণ্ড স্থগিত বা পুনর্বিবেচনার কোনো ইঙ্গিত দেয়নি।
স্বদেশ প্রতিদিন/এমএম