ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ থেকে কন্যাশিশুর মরদেহ উদ্ধার, অতঃপর...
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ১২:৪৮ AM

সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় একটি মসজিদের দ্বিতীয় তলা থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ জুলাই) সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাবলিপাড়া এলাকার ওই মসজিদ থেকে লাশটি উদ্ধার করা হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী জানান, সকালে স্থানীয়রা মসজিদের দ্বিতীয় তলায় একটি শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আরও জানান, শিশুটির পরিবার শনিবার সন্ধ্যা থেকে তাকে খুঁজে পাচ্ছিল না। নিখোঁজ থাকার একদিন পরই মিলল তার লাশ। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা না গেলেও ঘটনার পেছনে রহস্যজনক কিছু থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর মসজিদের মোয়াজ্জিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় থানা পুলিশ ছাড়াও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) যৌথভাবে তদন্ত শুরু করেছে।
স্থানীয়দের মধ্যে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শিশুটিকে কীভাবে এবং কেন হত্যা করা হলো, তা জানতে দোষীদের দ্রুত শনাক্ত ও বিচার দাবি করেছে এলাকাবাসী।
স্বদেশ প্রতিদিন/এনআর