প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ১২:০৩ পিএম আপডেট: ০৬.০৭.২০২৫ ১২:০৩ PM

ফাইল ছবি
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার ফলে আগামী ২৪ ঘণ্টায় দেশের তিনটি বিভাগ—চট্টগ্রাম, খুলনা ও বরিশালে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রোববার (৬ জুলাই) সকালে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব অঞ্চলের কিছু কিছু স্থানে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টি হতে পারে।
বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় অতি ভারী বৃষ্টির ফলে কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করা হয়েছে।
এছাড়া চট্টগ্রাম মহানগরের নিচু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতাও দেখা দিতে পারে।
আবহাওয়ার আরেকটি সতর্কবার্তায় জানানো হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের পার্থক্য বৃদ্ধি পেয়েছে। এর ফলে উপকূলীয় এলাকা ও সাগর এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা বহাল রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, দেশের দক্ষিণাঞ্চলে টানা বর্ষণে জনজীবনে ব্যাঘাত ও নদী তীরবর্তী এলাকায় ফসলের ক্ষতির আশঙ্কা তৈরি হতে পারে। তাই প্রশাসনের পাশাপাশি জনগণকেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এনআর