প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৩:১৭ পিএম

পঞ্চগড় সদর উপজেলার দুটি সীমান্ত পয়েন্ট দিয়ে আবারও ১৫ বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে।
শনিবার (৫ জুলাই) ভোররাতে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের খুনিয়াপাড়া এবং অমরখানা ইউনিয়নের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিজিবির রতনীবাড়ি বিওপির টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন অঞ্চলে অবৈধভাবে বসবাস করছিলেন এবং শ্রমিক হিসেবে কাজ করতেন। শনিবার ভোরে ভারতের কৈলাশ ক্যাম্পের বিএসএফ সদস্যরা ৭৬৪/১৯ এস সীমান্ত পিলার দিয়ে তাদের বাংলাদেশে পুশ-ইন করে।
বিজিবি সদস্যরা জানায়, সীমান্ত অতিক্রমের সঙ্গে সঙ্গেই অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করা হয়। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে দুপুরে তাদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, ‘সদর উপজেলার দুটি সীমান্ত দিয়ে ১৫ জন বাংলাদেশিকে বিএসএফ পুশ-ইন করেছে। বিজিবি তাদের আটক করে থানায় হস্তান্তর করেছে। আমরা প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নিচ্ছি।’
উল্লেখ্য, এর আগেও একই সীমান্ত দিয়ে একাধিকবার বাংলাদেশিদের পুশ-ইন করার ঘটনা ঘটেছে।
স্বদেশ প্রতিদিন/এমএম