প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ৩:৪৯ পিএম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের সংলাপের শুরুতেই জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, ‘চলমান সংলাপে প্রত্যাশিত অগ্রগতি না হলেও জাতীয় ঐকমত্যের লক্ষ্যে আলোচনা ফলপ্রসূ হবে বলে আমি আশা করি।’
বুধবার (০২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় ‘জুলাই গণঅভ্যুত্থান’-এ শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে বৈঠক শুরু হয়। এতে বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।
এ সময় আলী রিয়াজ বলেন, ‘মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। প্রতিদিন হয়তো অর্জন করছি না, তবে আমরা আশাবাদী এক জায়গায় পৌঁছাতে পারবো।’
তিনি আশা প্রাকশ করে বলেন, ‘এ সময় সবার ঐকমত্যের ভিত্তিতে চলতি মাসের মাঝামাঝিতেই জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে বলে আমি আশা প্রকাশ করি।’
আজকের সংলাপে আলোচ্য সূচির মধ্যে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের পদ্ধতি। পাশাপাশি, পূর্ববর্তী বৈঠকগুলোর আলোচনাধীন ও অমীমাংসিত বিষয়গুলো নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম