প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ১:৩৩ AM আপডেট: ০২.০৭.২০২৫ ৬:৫৫ PM

সংগৃহীত ছবি
রাজধানীর মগবাজারের একটি আবাসিক হোটেলে একই পরিবারের তিন সদস্যের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হোটেলটির তত্ত্বাবধায়ক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও পরবর্তীতে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, নিহত ব্যক্তির ভাই, যিনি ইতালি প্রবাসী, তিনি মামলাটি দায়ের করেছেন। মামলার পর হোটেল সুইট স্লিপের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, রফিকুল ইসলামই বাইরে থেকে খাবার এনে ওই পরিবারকে খাওয়ান এবং তাদের অসুস্থতার পর হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় তাকে ছাড়াও, খাবার সরবরাহকারী হোটেলের কর্মচারী, বাবুর্চি ও নিহত পরিবারের কয়েকজন আত্মীয়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
ঘটনার সূত্রপাত গত শনিবার, যখন প্রবাসী মনির হোসেন, তার স্ত্রী স্বপ্না আক্তার ও ছেলে নাঈম চিকিৎসার জন্য ঢাকায় এসে মগবাজারের হোটেল সুইট স্লিপে ওঠেন। সেদিন রাতে খাবার খাওয়ার পর তারা ঘুমিয়ে পড়েন। কিন্তু রোববার সকালে অসুস্থ হয়ে পড়েন তিনজনই। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, খাদ্যে বিষক্রিয়ার কারণেই এই মৃত্যুর ঘটনা ঘটতে পারে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। রহস্যঘেরা এ ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এনআর