প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৬:১৪ পিএম

চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, জমি দখল ও হামলার অভিযোগে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা শাহারাজ উদ্দিনের বিরুদ্ধে নোয়াখালীর হাতিয়ায় মানববন্ধন করেছেন স্থানীয় শতাধিক নারী-পুরুষ।
সোমবার (৩০ জুন) বিকেলে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জাহাজমারা ইউনিয়নের বিরবিরি, নিমতলী ও কাটাখালীসহ আশপাশের বিভিন্ন গ্রামের বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে স্থানীয় সমাজকর্মী ওসমান গনি, হাজেরা বেগম, নিজাম উদ্দিন, ফরহাদ হোসেন ও সাহেদা আক্তার বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করেন, শাহারাজ উদ্দিন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা পরিচয়ে এলাকায় ত্রাসের রাজত্ব চালাচ্ছেন।
তারা জানান, তিনি নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নূরুল হক নূরের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে থাকেন এবং প্রশাসনের কর্মকর্তাদের বদলির হুমকি দেন।
স্থানীয় নারীরা অভিযোগ করেন, শাহারাজ উদ্দিন নিমতলীর খাসজমি দখল করতে গিয়ে ব্যর্থ হয়ে পালিয়ে যান। একইভাবে কাটাখালী এলাকায় একটি বোট ডাকাতির চেষ্টাকালে স্থানীয়রা মসজিদের মাইক ব্যবহার করে প্রতিবাদ করলে তিনি সহযোগীদের নিয়ে পালিয়ে যান।
বক্তারা আরও বলেন, ‘শাহারাজের ভাই নাহিদ একটি সন্ত্রাসী গ্যাং তৈরি করেছে এবং এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। এমনকি তাদের বাবা সিরাজ উদ্দিন মিথ্যা মামলার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন বলেও অভিযোগ ওঠে।’
বক্তারা শাহারাজ উদ্দিন ও তার পরিবারের ‘অবৈধ কর্মকাণ্ডের’ বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ ও তদন্ত দাবি করেছেন।
জানা গেছে, শাহারাজ উদ্দিন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির রাজনীতি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। তার গ্রামের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিরবিরি গ্রামে।
তবে তার বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।
স্বদেশ প্রতিদিন/এমএম