প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫, ৩:০২ পিএম

চাঁদাবাজির মতো অপকর্ম করে বিএনপির নাম ব্যবহার করা হচ্ছে- এমন অভিযোগ তুলে দলের নেতাকর্মীদের এসব ‘কালপ্রিট’ ব্যক্তিদের প্রতিহত করার নির্দেশ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
রবিবার (২৯ জুন) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে রমনা থানা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘কিছু কালপ্রিটের কারণে বিএনপির বদনাম হতে পারে। খারাপ লোককে দলে নেওয়া যাবে না। প্রয়োজনে কেউ সদস্য হবে না- দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।’
তিনি বলেন, ‘চাঁদাবাজি ও দুর্নীতির মতো কাজ করে কেউ যদি বিএনপির নাম ব্যবহার করে, তাহলে সেটা দলের জন্য ক্ষতিকর। নেতাকর্মীদের এদের চিহ্নিত করে প্রতিহত করতে হবে।’
নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য নানা ষড়যন্ত্র চলছে। একেকজন একেক দাবি তুলে নির্বাচন পেছানোর চেষ্টা করছেন। আনুপাতিক ভোটপ্রথার নামে একদল লোক জাতিকে ধ্বংস করতে মাঠে নেমেছে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি কোনো সংঘর্ষে যেতে চায় না। যারা দেশকে ভালোবাসেন, তারা একসঙ্গে আসুন। সমাবেশ করে আউল-ফাউল কথা বললে হবে না।’
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, ‘এই সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারে দেশের সব দেশপ্রেমিক নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম