প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫, ১২:০১ পিএম আপডেট: ২৯.০৬.২০২৫ ১২:২৬ PM

রাজধানীর উত্তরার আজমপুর মোড়ে একটি ট্রাক সড়কে দাঁড়িয়ে থাকা পথচারীদের ওপর উঠে গেলে তিনজন নিহত হয়েছেন। রোববার (২৯ জুন) ভোররাত আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা। তিনি বলেন, “উত্তরার আজমপুর মোড়ে হঠাৎ করেই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা কয়েকজনের ওপর উঠে যায়। ঘটনাস্থলেই দুজন পুরুষ নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে নেওয়া হলে তিনিও মারা যান।”
তিনি আরও বলেন, “নিহতদের নাম-পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
স্বদেশ প্রতিদিন/এনআর