প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫, ১১:৫৭ AM আপডেট: ২৯.০৬.২০২৫ ১২:২৭ PM

সংগৃহীত ছবি
ঢাকার হাজারীবাগে একটি বাসার পানির রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কারের সময় গ্যাস বিস্ফোরণে শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। শনিবার (২৮ জুন) রাত ৮টার দিকে ট্যানারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে রয়েছেন—মো. বেলাল হোসেন (২৮), মো. জিয়াউর রহমান (৪৫), ফারিয়া (৮) ও রাইফা (৪)। ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধ চারজনের মধ্যে বেলালের শরীরে ১৭ শতাংশ, জিয়াউরের ৪ শতাংশ, ফারিয়ার ৫ শতাংশ এবং রাইফার শরীরের ৬ শতাংশ পুড়ে গেছে। তবে সকলেই আশঙ্কামুক্ত রয়েছেন এবং বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
দগ্ধদের একজনের স্বজন মো. শাহপরান জানান, তার মামার বাসার পানির ট্যাঙ্ক পরিষ্কার করতে একজন শ্রমিক নিয়োগ করা হয়েছিল। পরিষ্কারের সময় ট্যাঙ্কির ভেতরে একটি বৈদ্যুতিক বাল্ব জ্বালানোর সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে। তাদের ধারণা, ট্যাঙ্কিতে জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটেছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।
স্বদেশ প্রতিদিন/এনআর