প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৪:১১ পিএম

চাঁদপুরের কচুয়ায় সম্পত্তিগত বিরোধের জেরে মাদ্রাসাছাত্র মো. মিলন হোসেন (১২) হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে চাঁদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক সৈয়দ তাফাজ্জল হোসেন হিরু এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মৃত্যুদণ্ডপ্রাপ্ত শামিম হোসেন (২৮) ও সোহাগ হোসেন (২৮) এবং যাবজ্জীবনপ্রাপ্ত রাব্বি হোসেন (২৮)। এছাড়া শামিম ও সোহাগকে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রাব্বিকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
হত্যার শিকার মিলন হোসেন কচুয়া উপজেলার কান্দিরপাড় গ্রামের প্রধানিয়া বাড়ির মো. তাজুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় চাপাতলী মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন।
২০১৫ সালের ২৯ জুন দুপুরে রহিমানগর বাজারে যাওয়ার পর মিলন নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে ৩০ জুন কচুয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে ২ জুলাই স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মিলনের পরিবার জানতে পারে- সম্পত্তি বিরোধের জেরে শামিম, সোহাগ ও রাব্বি তাকে শ্বাসরোধ ও পানিতে ডুবিয়ে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ কান্দিরপাড় এলাকার একটি ধনচের জমি থেকে মিলনের মরদেহ উদ্ধার করে।
মিলনের বড় ভাই রিপন হোসেন বাদী হয়ে কচুয়া থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করেন তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. ওয়াজেদ আলী। তদন্ত শেষে ২০১৬ সালের ৮ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করা হয়।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘মামলার দীর্ঘ বিচারপ্রক্রিয়ায় ২২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্যপ্রমাণ ও আসামিদের স্বীকারোক্তি বিশ্লেষণ করে আদালত এই রায় দেন।’
আসামিদের পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট নুরুল হক কমল। তবে রায়ের পর তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এই রায়ের মধ্য দিয়ে দীর্ঘ ১০ বছরের অপেক্ষার অবসান হলো এবং নিহত মিলনের পরিবার ন্যায়বিচার পেয়েছে বলে মনে করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
স্বদেশ প্রতিদিন/এমএম