প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ১:৫৫ পিএম

নওগাঁর ধামইরহাট থানার ভেতরে রাখা ট্রাঙ্ক ভেঙে আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার জেরে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন ইতিহাস দ্বিতীয় পত্রের পরীক্ষাটি বাতিল করা হয়েছে।
জানা গেছে, প্রশ্নপত্র সংরক্ষণের দায়িত্বে থাকা থানার একটি ট্রাঙ্ক খোলা অবস্থায় পাওয়া যায়। বিষয়টি প্রকাশ্যে আসার পর রাজশাহী শিক্ষা বোর্ড সিদ্ধান্ত নেয়- আসন্ন ১৯ জুলাইয়ের ইতিহাস দ্বিতীয় পত্রের পরীক্ষা বিভাগের আট জেলায় বিকল্প প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে।
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলাম বলেন, ‘প্রশ্নপত্র থানার ভল্ট বা মালখানায় সংরক্ষণের কথা। কিন্তু তা হাজতের ভেতর রাখা হয়েছে এবং সেখানে একজন আসামি থাকাও ছিল গুরুতর অনিয়ম। পুলিশকে অবশ্যই এর ব্যাখ্যা দিতে হবে।’
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে থানার হাজতে থাকা এক আসামি ওই ট্রাঙ্কের সিলগালা খুলে ফেলেন এবং তালা খুলে ফেলে ভেতরে থাকা প্রশ্নপত্র বের করে ছড়িয়ে দেন। এমনকি কিছু প্রশ্নপত্র ছিঁড়ে ফেলেন বলেও জানায় সূত্রটি।
ঘটনার পরপরই দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার জানান, ট্রাঙ্কটি তালাবদ্ধ এবং সিলগালা করা ছিল। আসামির এক হাতে হাতকড়া থাকলেও অন্য হাত ছিল খোলা। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তিনি নখ দিয়ে সিলগালা খুলে এবং তালা খুলে প্রশ্নপত্র ছড়িয়ে দেন।
উল্লেখ্য, এইচএসসি পরীক্ষা শুরু হবে ২৬ জুন থেকে।
স্বদেশ প্রতিদিন/এমএম