প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ১২:৫০ পিএম

কুমিল্লায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে লিমা আক্তার (২৪) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাত ১টার দিকে কুমিল্লা নগরীর ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লিমা আক্তার কুমিল্লার বরুড়া উপজেলার আরিফপুর গ্রামের মৃত মোবারক হোসেন ভূঁইয়ার ছোট মেয়ে। তিনি দাউদকান্দির গৌরিপুর পালপাড়া গ্রামের সৌদি প্রবাসী আরিফ হোসেনের স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
মৃতের বড় ভাই ফয়সাল আহমেদ ভূঁইয়া জানান, গত ১৩ জুন লিমা ডেঙ্গুতে আক্রান্ত হন। প্রথমে তাকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কুমিল্লা ট্রমা সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
লিমার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার সকালে তার প্রথম জানাজা বাবার বাড়িতে অনুষ্ঠিত হয়। জুমার নামাজের পর দ্বিতীয় জানাজা দাউদকান্দির গৌরিপুর পালপাড়া গ্রামে অনুষ্ঠিত হবে এবং সেখানেই তাকে দাফন করা হবে।
স্বদেশ প্রতিদিন/এমএম