প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৯:৩২ AM

আজ শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আটটি বিভাগেই বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিস জানায়, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দেশের অনেক স্থানে বজ্রসহ বৃষ্টি, কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ দশমিক ২ ডিগ্রি। বিভাগটির অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুরেও একই ধরনের পূর্বাভাস দেওয়া হয়েছে। রংপুর শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস।
ময়মনসিংহেও আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩১.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। এ অঞ্চলেও অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
সিলেট শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সিলেট অঞ্চলেও অনেক স্থানে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। একইভাবে চট্টগ্রামেও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। এ বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অধিকাংশ জায়গায়।
খুলনা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বিভাগের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশালেও আকাশ মেঘলা থাকবে এবং অধিকাংশ জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস।
স্বদেশ প্রতিদিন/এমএম