প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৩:৪৮ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব-১১-এর যৌথ দল।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর আড়াইটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-৩ কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু। এর আগে, বুধবার বিকেল ও রাতে গোপালপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোবুল্লাপুর গ্রামের মৃত জাফরের ছেলে জোবাইদুল ইসলাম রনি (১৬) এবং দেবকালা গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে ফিরোজ আহমেদ রাকিব (২৩)।
ঘটনার পেছনের বর্ণনা
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত মর্জিনা আক্তার (৬৫) বাড়িতে একা থাকতেন। তার তিন ছেলে প্রবাসে থাকেন। ঈদুল আযহা উপলক্ষে এক ছেলে কামাল বিদেশ থেকে ৪০ হাজার টাকা পাঠান। টাকা পৌঁছে দিতে তার এক বন্ধু মর্জিনার বাড়িতে গেলে কোনো সাড়া না পেয়ে খোলা বারান্দার দরজা দিয়ে ভেতরে ঢুকে আলমারি খোলা ও আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে প্রতিবেশীদের ডেকে আনলে তারা দেখেন, মর্জিনার চোখ, নাক ও মুখ গামছা দিয়ে বাঁধা এবং গলায় চাদর পেঁচানো। মরদেহটি খাটের ওপর ছিল।
পরবর্তীতে নিহতের প্রবাসফেরত ছেলে দেশে এসে মায়ের দাফন সম্পন্ন করেন এবং পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী থানায় মামলা দায়ের করেন।
র্যাব জানায়, মামলা দায়েরের পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পলাতক ছিল। গোয়েন্দা নজরদারি ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তদের সনাক্ত করে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম