প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৮:১৭ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি খালপাড় থেকে গলাকাটা অবস্থায় রতন নামের এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
মঙ্গলবার রাতে রূপগঞ্জ উপজেলার দিঘি বরাবো এলাকা থেকে দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, রূপগঞ্জ উপজেলার দিঘি বরাবো এলাকার ইউনুস প্রধানের ছেলে ইসমাইল প্রধান (২৪), এবং একই থানার মোঘড়াকুল গ্রামের মনির হোসেনের ছেলে ওসমান গনি (২৩)।
নিহত রতন (৪০) সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার মো. মালেক মোল্লার ছেলে। স্ত্রী ও সন্তান নিয়ে রূপগঞ্জের নাওড়া বিটা এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সোনারগাঁ উপজেলার ভারগাঁও এলাকার ওলামা নগর খালপাড়ের বেরিবাঁধের পূর্ব পাশে রক্তাক্ত অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গলাকাটা মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনার পর গণমাধ্যমে খবর প্রকাশ হলে র্যাব-১১ নারায়ণগঞ্জ-এর একটি আভিযানিক দল তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। নৃশংস এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে র্যাব ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে জড়িতদের শনাক্ত করে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, র্যাব দুই আসামিকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। তাদের নিহত রতনের স্ত্রী হালিমা আক্তার বাদি হয়ে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে