প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৮:৩৩ পিএম

নোয়াখালীর চাটখিলে ভাড়া নিয়ে তর্ক-বিতর্কের জেরে সাইফুল ইসলাম কিরণ (২৭) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। অভিযুক্ত যাত্রী মো. মিজান হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাচ্ছে না বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঘটনাটি ঘটেছে সোমবার (১৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের সোমপাড়া বাজার এলাকায়। নিহত কিরণ ওই ইউনিয়নের প্রসাদপুর দাই বাড়ির মৃত মো. হানিফের ছেলে। আটক মিজান একই ইউনিয়নের মমিনপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, সোমপাড়া বাজারে থাই অ্যালুমিনিয়ামের ব্যবসায়ী মিজান পুরনো পরিচিত অটোচালক কিরণের সঙ্গে স্ত্রী-সন্তানদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য ভাড়া ঠিক করেন। ভাড়া নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে কিরণ ভাড়া না নিয়ে অন্য যাত্রী নিয়ে উপজেলার অলিপুরে চলে যান। সেখানেই সন্ধ্যা ৭টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে বমি করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে কিরণ মারা যান।
এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কিরণের স্বজনরা ক্ষুব্ধ হয়ে মিজানের দোকানে হামলা চালায় এবং তাকে মারধরের চেষ্টা করে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় মিজানকে উদ্ধার করে থানায় নেওয়া হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্বদেশ প্রতিদিন/কেএইচ