প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৭:২৪ পিএম

সংগৃহীত ছবি
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের শূন্যরেখায় টানা পাঁচ দিন অবস্থান করা সেই নারীকে আর দেখা যাচ্ছে না। তবে তিনি কোথায় গেছেন বা কীভাবে সেখান থেকে চলে গেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান চৌধুরী।
স্থানীয় বাসিন্দারা জানান, গত মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে পাথরের চর বিওপির আওতাধীন ১০৭৬/১ নম্বর সীমান্ত পিলার এলাকায় ওই নারীকে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আনুমানিক ৩০ বছর বয়সি ওই নারী শূন্যরেখা পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্য ও স্থানীয় লোকজন তাকে বাধা দেন। এরপর থেকে তিনি ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিলেন।
খড়কুটার ওপর কম্বল বিছিয়ে খোলা আকাশের নিচে দিন-রাত কাটছিল তার। এ সময় স্থানীয় নারীরা তাকে বিস্কুট ও পানি দিয়ে সহায়তা করতেন। শনিবার (১৪ নভেম্বর) পর্যন্ত তাকে সেখানে দেখা গেলেও রোববার সকাল থেকে আর তার সন্ধান পাওয়া যাচ্ছে না।
ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান চৌধুরী বলেন, ‘ইউএনওর নির্দেশে আমরা সেখানে একজন গ্রাম পুলিশ মোতায়েন করেছিলাম। আজ সকাল ৭টার দিকে গ্রাম পুলিশ আমাকে জানান, ওই নারীকে আর দেখা যাচ্ছে না। তিনি কে বা তাকে কোথা থেকে নিয়ে যাওয়া হয়েছে, তা কেউ বলতে পারছেন না। পরে বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে।’
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন, শনিবার ওই নারী যেখানে ছিলেন, রোববার সেখানে তাকে পাওয়া যায়নি। চেয়ারম্যানও বিষয়টি জানিয়েছেন। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এতটুকুই বলার আছে।
এ বিষয়ে জানতে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমানের সঙ্গে শনিবার ও আজ একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে ওই নারীর বর্তমান অবস্থান সম্পর্কে বিজিবির বক্তব্য পাওয়া যায়নি