প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৩:৫৪ পিএম আপডেট: ১৭.০৬.২০২৫ ৩:৫৭ PM

খুলনায় একটি বিদেশি রিভলবার, গুলি ও ২৭০ পিস ইয়াবাসহ সিটি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক রাজু আহমেদকে আটক করেছে যৌথবাহিনী।
সোমবার (১৬ জুন) রাতে নগরীর শিপইয়ার্ড সড়কের চানমারী বাজার এলাকার তিনটি বাড়িতে অভিযান চালিয়ে রাজুসহ মোট পাঁচজনকে আটক করা হয়। খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, শিপইয়ার্ড এলাকার রূপসা ইস্টার্ন রোডের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে মো. রাজু আহমেদ, একই এলাকার শামসুর রহমানের ছেলে জুনায়েদ হোসেন মুন্না, চানমারী মাস্টারপাড়া এলাকার শওকত হোসেনের ছেলে মিরাজ, চানমারী ২ নম্বর গলির জালালের ছেলে নিরব ইসলাম জিয়া এবং বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার উত্তর কাশেমতলা গ্রামের হানিফ শিকদারের ছেলে শামীম হোসেন।
স্থানীয় সূত্র জানায়, সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল শিপইয়ার্ড এবং চানমারী এলাকায় মধ্যরাত থেকে ভোর ৬টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান পরিচালনা করে। এ সময় ওই দুই এলাকার তিনটি বাড়িতে অভিযান চালানো হয়। চানমারী ইউনুস তালুকদারের বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও ২৭০ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। তারা ঐ বাড়িতে সংঘবদ্ধভাবে অবস্থান করছিলেন। এদের মধ্যে রাজু আহমেদ খুলনা সিটি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক বলে সূত্রটি জানিয়েছে।
খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম বলেন, ‘রাতে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ পাঁচজনকে যৌথবাহিনী গ্রেপ্তার করেছে। এছাড়া আরও অনেককে আটক করা হয়েছিল, তবে যাচাই-বাছাই শেষে অনেককেই ছেড়ে দেওয়া হচ্ছে। পাঁচজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম