প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ১২:৩৬ পিএম

সেতুর ওপর সড়ক দুর্ঘটনা ও অতিরিক্ত যানবাহনের কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ফের প্রায় ১৭ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
শনিবার (১৪ জুন) ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইল অংশে যমুনা সেতু থেকে পুংলি পর্যন্ত এ ধীরগতির যানজট দেখা দেয়। অপরদিকে সিরাজগঞ্জ অংশে ঝাউল ওভার ব্রিজ থেকে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে গণপরিবহন চলাচল করছে। এতে সেতুর দুই প্রান্তে মোট ২৫ কিলোমিটার এলাকায় ধীরগতিতে চলছে যানবাহন।
এদিকে যানজটে পড়ে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা। মহাসড়কে যানজট নিরসনে বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যরা কাজ করছেন।
পুলিশ জানায়, শুক্রবার রাত থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। এছাড়া গভীর রাতে যমুনা সেতুর ওপর সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত গাড়ি রেকার দিয়ে সরাতে কিছুটা সময় লাগে। এতে টোল আদায়ে ধীরগতির কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।
অন্যদিকে, সিরাজগঞ্জের পশ্চিম প্রান্ত দিয়ে যানবাহন ঠিকমতো পার না হওয়ায় টাঙ্গাইল অংশে ধীরগতির যানজট তৈরি হয়েছে। ঢাকাগামী যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও উত্তরবঙ্গগামী যান চলাচলে ধীরগতির যানজট দেখা দিয়েছে।
এ বিষয়ে যমুনা সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ‘সেতুর ওপর সড়ক দুর্ঘটনার কারণে সারারাত সেতু দিয়ে যান চলাচল ধীরগতিতে হয়েছে, যার ফলে যানজট সৃষ্টি হয়েছে। আশা করছি দ্রুতই যান চলাচল স্বাভাবিক হবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম