প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ১১:১৪ AM আপডেট: ১২.০৬.২০২৫ ৩:৫৩ PM

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে জবাই করে হত্যা করেছেন এক রোহিঙ্গা যুবক। ঘটনার কয়েক ঘণ্টা পরই আর্মড পুলিশ ব্যাটালিয়নের অভিযানে ঘাতক স্বামীকে আটক করা হয়েছে।
ঘটনাটি ঘটে বুধবার (১১ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টায় উখিয়ার কুতুপালং ২-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-১২ ব্লকে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন জানান, নিহত আয়েশা খাতুন (২৫) ওই ক্যাম্পের ছৈয়দ আলমের স্ত্রী। অভিযুক্ত ছৈয়দ আলম (২৭) একই এলাকার জামাল হোছাইনের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি জানান, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে নানা বিষয় নিয়ে কলহ চলছিল। বুধবার সন্ধ্যায় ফের তর্কাতর্কির একপর্যায়ে ছৈয়দ আলম ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে গলায় কেটে হত্যা করেন। এরপর তিনি পালিয়ে যান।
খবর পেয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি দল ঘটনাস্থলে পৌঁছে ঘরের মেঝে থেকে জবাই করা মরদেহ উদ্ধার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পরে রাত ১০ টার দিকে এপিবিএন পুলিশের অভিযানে ছৈয়দ আলমকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের বিস্তারিত কারণ ও হত্যার পরিকল্পনা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এমএম