
গ্রীষ্মকাল মানেই আম এবং আমের নানা স্বাদের রেসিপি। এই কাঁচা আম যেমন ব্যবহার করা হয় টক-ঝাল পদে, তেমনি মিষ্টি ও সুস্বাদু ডেজার্ট তৈরিতে ব্যবহার করা হয় পাকা আম।
জনপ্রিয় এবং সুস্বাদু সব ডেজার্ট আইটেমের মধ্যে পাকা আমের পায়েস অন্যতম। তবে অনেকেই দুধে পাকা আম মেশানোর সময় সমস্যায় পড়েন। আশঙ্কায় থাকেন দুধ কেটে যাওয়ার।
আমাদের আজকের এই আয়োজনে চলুন জেনে নিই কিভাবে সঠিক নিয়মে রান্না করবেন আমের পায়েস।
উপকরণ :
গোবিন্দভোগ চাল – ১ কাপ
পাকা আম (পিউরি করা) – ১ কাপ
দুধ – ১ লিটার
চিনি – আধা কাপ (স্বাদমতো)
লবণ – সামান্য (মিষ্টি ভারসাম্য রাখতে)
এলাচ গুঁড়া – ১ টেবিল চামচ
প্রণালী :
প্রথমে গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে এক কাপ পানিতে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর পানি ঝরিয়ে কিছুক্ষণ শুকিয়ে নিন। একটি ডেকচিতে দুধ জ্বাল দিন।
দুধ ফুটে উঠলে ভেজানো চালগুলো দিন। এবার ক্রমাগত নেড়ে যান, যাতে চাল দলা না পাকায়। চাল আধা সিদ্ধ হয়ে এলে এতে চিনি ও এক চিমটি লবণ দিন। এতে স্বাদ আরো ভালো হবে।
পাকা আমের টুকরা থেকে আঁশ বাদ দিয়ে ব্লেন্ড করে একটি মসৃণ পিউরি বানিয়ে নিন। পরে চাল পুরোপুরি সিদ্ধ হলে এবং পায়েস ঘন হয়ে এলে গ্যাস একটু কমিয়ে তাতে আমের পিউরি মিশিয়ে নিন। ভালোভাবে নেড়ে শেষে এলাচ গুঁড়া মেশান এবং আরো ২ মিনিট থেকে ৩ মিনিট ফুটিয়ে নিন। পরবর্তীতে ঠাণ্ডা করে উপরে কাজু, কিসমিস ছড়িয়ে পরিবেশন করুন।
চাইলে ফ্রিজে রেখে ঠাণ্ডা করেও খেতে পারেন। স্বাদ হবে অসাধারণ।
কয়েকটি টিপস-
১। দুধ ঘন করা জরুরি
সুস্বাদু পায়েসের জন্য ঘন দুধ ব্যবহার করুন। ফ্যাটযুক্ত (ফুল ফ্যাট) দুধ নিন এবং অল্প আঁচে দীর্ঘ সময় ধরে জ্বাল দিতে থাকুন। এতে দুধ ঘন এবং ক্রিমি হবে। যা পায়েসের স্বাদ বাড়িয়ে দিবে অনেকটাই।
২। আম কখন মেশাবেন
আমের ঘন মিশ্রণের জন্য পাকা আম ব্লেন্ড করে সেটি তৈরি করতে পারেন। তবে গরম দুধে সরাসরি এটি মেশালে দুধ কেটে যেতে পারে। তাই আলাদা পাত্রে হালকা আঁচে আমের একটু নাড়িয়ে নিন, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পায়েস রান্নার একেবারে শেষে, যখন পায়েস একটু ঠাণ্ডা হয়ে আসবে তখনই এই পিউরি মেশান।
৩। স্বাদ বাড়াতে বাড়তি উপাদান
স্বাদ আরেকটু বাড়াতে চাইলে ক্ষীর, গুঁড়া দুধ (ভালোভাবে গুলে নেওয়া) বা কনডেন্সড মিল্কও মেশাতে পারেন। তবে এগুলো যোগ করুন তখনই যখন চাল প্রায় সিদ্ধ হয়ে আসছে। চিনিও দিন শেষদিকে।
৫। টুকরো আম দিন উপরে
পায়েস পরিবেশনের আগে একদম শেষে খুব ছোট ছোট টুকরো করে কাটা পাকা আম দিয়ে দিন। এতে স্বাদ যেমন বাড়বে, খেতেও হবে দারুণ।
স্বদেশ প্রতিদিন/আইজেপি